দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে। তবে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই কল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, দেশের সম্পদ নষ্ট করা ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনীতি? বিএনপি, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে বসার আহ্বান জানাই। আমরা সবাই এ দেশের সন্তান। দেশের ভালো-মন্দের সঙ্গে সবাই জড়িত। ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাঁদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়েছি, তাঁরাই পুরোনোদের মতো নতুন রূপে ক্ষমতার চেয়ারে বসেছেন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। জনগণের রায় বাস্তবায়ন না করে দেশ পরিচালনা করা অসম্ভব।
ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনা করা গেলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে উল্লেখ করে মুফতি রেজাউল করিম বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশে স্বর্ণযুগ তৈরি হবে। বর্তমান ও সাবেক সরকারগুলোর নীতি-আদর্শ ব্যর্থ হয়েছে। এখন একমাত্র কার্যকর নীতি-আদর্শ হলো ইসলাম। ইসলামে একটি পিঁপড়ার স্বাধীনতারও নিশ্চয়তা রয়েছে।
ভোলাবাসীর দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার চিন্তাভাবনা অযৌক্তিক। ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু চায়। এ সেতু ভোলা-বরিশালের ওপর দিয়েই নির্মাণ করতে হবে।
ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আল আমীন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।
সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। কমিটিতে ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়। পরে তাঁদের শপথবাক্য পাঠ করান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
যে আই